কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ভুয়া সেনা সদস্য আটক
আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে ট্রেনে এক যাত্রীকে মারধর ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর ) সকাল ১১টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ৭৩৭ নং এগারোসিন্ধু প্রভাতী ট্রেনটি সরারচর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জে আসার পথে এই ঘটনা ঘটে।
আটক মো. আলমগীর খা (৩৪) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহী নেওয়াজের ছেলে।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ট্রেন চলাচলের সময় এক যাত্রী এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করলে মো. আলমগীর খা দরজা বন্ধ করে দেন। দরজা খুলতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে দরজায় জোরে ধাক্কা দেন, এতে এক যাত্রীর বাম হাতের আঙুলে আঘাত লাগে।
পরে যাত্রীরা দরজা খুলে ঘটনার কারণ জানতে চাইলে আলমগীর ক্ষুব্ধ হয়ে যাত্রীদের ওপর হামলা চালান এবং নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে দাবী করে। তিনি হুমকি দিয়ে বলেন, কিশোরগঞ্জে নামলে ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে তোদের ধরে নিয়ে যাবে।
ট্রেনে কর্তব্যরত টিজি পুলিশ সদস্য এবং অন্যান্য যাত্রীরা বিষয়টি কিশোরগঞ্জ রেলওয়ে থানায় অবহিত করেন। ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশ আলমগীর খা কে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করলেও আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে তার গ্রামের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি কোনো বাহিনীতে চাকরি করেন না।
আটকের সময় তার গায়ে বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত হাফ হাতা গেঞ্জি, লোগোযুক্ত ক্যাপ এবং একই লোগোযুক্ত একটি ব্যাগ ছিল। পুলিশ এসব আলামত জব্দ করেছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী সংবাদ মাধ্যমকে জানান, ভুয়া সেনা পরিচয় দেওয়া এবং যাত্রীদের মারধরের ঘটনায় আলমগীর খাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রহিয়াছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































